ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা, কোমে নিহত অন্তত ৬

ওয়াশিংটন, ২৭ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের কোম শহরে অন্তত ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে। জামারান নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে কোমের উপগভর্নর মোর্তেজা হেইদারি এক বিবৃতিতে জানান, শহরের পারদিসান এলাকার তিনটি আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটে। এতে ছয়জন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলেও আবাসিক এলাকায় হামলায় ছয়জন নাগরিকের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। ওই পোস্টে বলা হয়, আমেরিকান ও জায়নবাদী আগ্রাসীদের হামলায় পারদিসান এলাকায় তিনটি আবাসিক বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ইরানের ফারস নিউজ এজেন্সিকে কোমের ডেপুটি গভর্নর তিনটি আবাসিক বাড়ি লক্ষ্যবস্তু করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পশ্চিম আজারবাইজান প্রদেশের সংকট ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক হামিদ সাফারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, উরমিয়া শহরেও হামলায় চারটি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে ইরানভিত্তিক সংবাদমাধ্যম নূরনিউজ জানিয়েছে, রাতভর চালানো এই বিমান হামলায় তেহরান, ইসফাহান, কাশান, ইয়াজদ, কোম, তাবরিজ ও আহভাজ শহরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
এস এম/ ২৭ মার্চ ২০২৬









