আইন-আদালত

সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকা, ২৭ মার্চ – রাজধানীর মিরপুর থেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার গভীর রাতে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, বুধবার রাতে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালতে শুনানির পর পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি শুনানি করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর এলাকায় ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন এবং ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় শেখ মামুন খালেদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে উল্লেখ করেন, শেখ মামুন খালেদ এক এগারোর সময়ের অন্যতম কুশীলব ছিলেন।

তার বিরুদ্ধে ডিজিএফআইকে রাজনৈতিক কাজে ব্যবহার, আয়নাঘর তৈরি, জলসিঁড়ি আবাসন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং রাজনৈতিক নেতাদের হয়রানি করার গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে আগে থেকেই অনুসন্ধান চালাচ্ছে এবং গত বছর আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল। উল্লেখ্য, শেখ মামুন খালেদ ২০১১ সালে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য হিসেবেও কর্মরত ছিলেন।

এস এম/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language