বিশ্বকাপ প্রস্তুতির প্রীতি ম্যাচে সার্বিয়া ও হন্ডুরাসের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা

মাদ্রিদ, ২৭ মার্চ – স্পেনের বিপক্ষে ফিনালিসিমা এবং কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল হওয়ার পর বিশ্বকাপ প্রস্তুতির পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপের আগে লিওনেল স্কালোনির দল আফ্রিকা মহাদেশের দুটি দেশের বিপক্ষে মাঠে নামবে। মৌরিতানিয়া এবং জাম্বিয়ার পাশাপাশি আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজদের। মার্চ উইন্ডোর পর জাতীয় দলগুলোর জন্য টুর্নামেন্ট শুরুর আগে উত্তর আমেরিকায় আরেকটি আন্তর্জাতিক উইন্ডো থাকবে। অনেক দল নিজেদের প্রতিপক্ষ চূড়ান্ত করলেও আর্জেন্টিনা এখনও সেই তালিকায় নেই।
সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আগামী জুনে হন্ডুরাস এবং সার্বিয়ার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করছে বিশ্বচ্যাম্পিয়নরা। ৬ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন অ্যালাবামায় ইউরোপীয় দল সার্বিয়ার বিপক্ষে মাঠে নামতে পারে আলবিসেলেস্তেরা। এর আগে মেসির দলের সঙ্গে মেক্সিকোর খেলার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। মার্চ উইন্ডোতে হন্ডুরাসের সঙ্গে খেলার কথা থাকলেও উভয় দেশের ফেডারেশন ম্যাচটি পিছিয়ে জুনে আয়োজনের সিদ্ধান্ত নেয়।
সম্প্রতি দুর্বল প্রতিপক্ষের সঙ্গে প্রীতি ম্যাচ খেলা নিয়ে আর্জেন্টিনার অনেক সমালোচনা হচ্ছে। ফিফা র্যাঙ্কিংয়ে মৌরিতানিয়া ১১৫ এবং জাম্বিয়া ৯১ নম্বরে থাকায় শক্তির পার্থক্য অনেক বেশি। অন্যদিকে সার্বিয়া ৩৯ এবং হন্ডুরাস ৬৫ নম্বরে অবস্থান করলেও বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো মেসিদের জন্য কার্যকরী প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ জে তে লড়াই করবে। টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে। এই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো অস্ট্রিয়া এবং জর্ডান।
এস এম/ ২৭ মার্চ ২০২৬









