দেশের চার অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ঢাকা, ২৭ মার্চ – ঢাকা-ময়মনসিংহসহ দেশের চারটি অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৭ মার্চ) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এনএন/ ২৭ মার্চ ২০২৬









