সেনা সংকটে ইসরায়েলি বাহিনীর ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের

তেল আবিব, ২৭ মার্চ – ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান বহুমুখী যুদ্ধের মধ্যেই নিজেদের সামরিক বাহিনী ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। লাগাতার এই সংঘাতের কারণে চরম সেনা সংকটে পড়েছে দেশটির সামরিক বাহিনী।
ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ২৫ মার্চ মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির এক বৈঠকে এই সতর্কবার্তা দেন তিনি।
বৈঠকে তিনি উপস্থিত মন্ত্রীদের সামনে আসন্ন ১০টি বড় বিপদের কথা তুলে ধরেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দিকটি হলো, তীব্র সেনা সংকটের কারণে খুব শিগগিরই ইসরায়েলি সেনাবাহিনী তাদের সাধারণ ও দৈনন্দিন সামরিক অভিযান পরিচালনায় অক্ষম হয়ে পড়বে।
উদ্ভূত এই চরম পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রিসভার ওই বৈঠকে বেশ কিছু জরুরি সুপারিশও তুলে ধরেন সেনাপ্রধান ইয়াল জামির। তিনি জানান, সামরিক বাহিনীর সক্ষমতা ধরে রাখতে দ্রুত নতুন সেনা নিয়োগ আইন প্রণয়ন করতে হবে। একই সঙ্গে সাবেক সেনাদের পুনরায় দায়িত্বে ফেরানো এবং সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে দায়িত্ব পালনের সময়সীমা বাড়ানোর জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ জোর দেন তিনি।
এনএন/ ২৭ মার্চ ২০২৬








