এশিয়া

জাপানের হনশু দ্বীপে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

টোকিও, ২৭ মার্চ – জাপানের বৃহত্তম দ্বীপ হনশুতে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এই ভূকম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।

সংস্থাটির দেওয়া তথ্যমতে জাপানের পূর্ব উপকূলে অবস্থিত হনশু দ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। তবে এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর ঠিক আগের দিন বুধবার স্থানীয় সময় রাত ৮টা ৩১ মিনিটেও জাপানে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।

ভৌগোলিক অবস্থানের কারণে জাপান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগ্নেয় মেখলা বা রিং অব ফায়ার অংশের ওপর অবস্থিত। প্যাসিফিক প্লেট এবং ফিলিপাইন সি প্লেট নামক দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে এই রিং অব ফায়ারের অবস্থান। এই ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণেই দেশটিতে প্রায় নিয়মিত ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে।

নিয়মিত এ ধরনের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে জাপানের অধিকাংশ বাসাবাড়ি ও স্থাপনা বিশেষ প্রযুক্তিতে নির্মাণ করা হয় যাতে সেগুলো সহজে নিম্ন থেকে মাঝারিমাত্রার ভূমিকম্পের তীব্রতা সহ্য করতে পারে।

এনএন/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language