মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, সরাসরি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

তেহরান, ২৭ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির দাবি, তারা একটি মার্কিন এফ ১৮ যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং একটি এফ ৩৫ স্টেলথ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করেছে। তবে যুক্তরাষ্ট্র এফ ৩৫ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করলেও এফ ১৮ ভূপাতিত হওয়ার দাবিটি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সফলভাবে একটি মার্কিন এফ ১৮ যুদ্ধবিমানে আঘাত হেনেছে। এই দাবির পক্ষে তারা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে আকাশে উড়ন্ত অবস্থায় একটি যুদ্ধবিমানকে আঘাতের পর নিয়ন্ত্রণ হারাতে দেখা যায়। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যা দিয়েছে। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান অপারেশন এপিক ফিউরি চলাকালে আট হাজারের বেশি যুদ্ধবিমান অংশ নিলেও তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি।
এর আগে ইরান মার্কিন এফ ১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি করেছিল সেটিও সেন্টকম অস্বীকার করেছে। এছাড়া ইরান দাবি করেছে যে তাদের আকাশসীমায় অভিযানের সময় গোলাগুলির মুখে পড়ে একটি মার্কিন এফ ৩৫ স্টেলথ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করেছে।
মার্কিন কর্মকর্তারা জরুরি অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন এবং পাইলট নিরাপদে আছেন বলে জানিয়েছেন। তবে এটিকে সরাসরি ইরানের হামলা হিসেবে স্বীকার না করে তারা বলেছেন ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত চরম আকার ধারণ করেছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, নৌ সক্ষমতা এবং পারমাণবিক অবকাঠামো দুর্বল করে দেওয়া। এ রকম পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে।
হোয়াইট হাউস জানিয়েছে, বর্তমানে আলোচনা চলমান রয়েছে এবং তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো চুক্তি না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, আলোচনা চলছে এবং তারা এই বিষয়ে ইতিবাচক অগ্রগতি আশা করছেন।
বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের এমন পাল্টাপাল্টি দাবি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল ও জটিল করে তুলছে।
এনএন/ ২৭ মার্চ ২০২৬








