কক্সবাজারের সুগন্ধা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার, ২৭ মার্চ – কক্সবাজারের সুগন্ধা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মেহেদী হাসান আবির নামের এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাগরের ঢেউয়ে ভেসে গিয়ে তার মৃত্যু হয়।
২৫ বছর বয়সী এই তরুণ বান্দরবান জেলার আজিজ নগর এলাকার বাসিন্দা ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানে চাকরি করতেন।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে তিন বন্ধু আরিফুল ইসলাম, তানজিন এবং মারুফুল হাসান রিপনকে সঙ্গে নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন আবির। দুপুর দুইটার দিকে তারা সুগন্ধা সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের প্রবল ঢেউয়ের তোড়ে আবির নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে সৈকতের পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। ওই সময় সি সেফ লাইফ গার্ডের কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সি সেফ লাইফ গার্ডের টিম লিডার ইমতিয়াজ আহমেদ জানান, সৈকতে গোসলের সময় পর্যটকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য বারবার আহ্বান জানানো হয়। তবে অনেকেই সেই নির্দেশনা মানতে চান না।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
এনএন/ ২৭ মার্চ ২০২৬









