বলিউড

সালমানের নতুন অ্যাকশন সিনেমার শুটিং শুরু ১৪ এপ্রিল, তৈরি হচ্ছে মিনি সিটি

মুম্বাই, ২৬ মার্চ – বলিউড তারকা সালমান খানের নতুন সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। আগামী ১৪ এপ্রিল থেকে দক্ষিণী প্রযোজক দিল রাজু এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বংশী পাইডিপল্লীর বিগ বাজেটের এই অ্যাকশন সিনেমার কাজ শুরু হবে। মুম্বাইয়ের গোরেগাঁও এসআরপিএফ গ্রাউন্ডে বিশাল আয়োজনে এই সিনেমার প্রথম পর্যায়ের কাজ শুরু হবে বলে জানা গেছে। এই সিনেমার জন্য কোনো সাধারণ সেট নয় বরং একটি ছোটখাটো শহর তৈরি করা হচ্ছে।

সেটটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে একটি ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চলের আবহ পাওয়া যায়। ছবির গল্পের প্রয়োজনে সেখানে বড় মাপের অ্যাকশন দৃশ্য ধারণ করা হবে। সিনেমার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে যে সেট নির্মাণ থেকে শুরু করে অ্যাকশন কোরিওগ্রাফি এবং কাস্টিংয়ের কাজ প্রায় চূড়ান্ত হয়েছে। এই সিনেমাটিতে সালমান খানকে সম্পূর্ণ নতুন রূপে পর্দায় হাজির করা হবে। এখন পর্যন্ত নাম ঠিক না হওয়া এই সিনেমায় বলিউড ও দক্ষিণী সিনেমার নামিদামি তারকাদের দেখা যাবে।

একটি অ্যাকশন থ্রিলার স্ক্রিপ্ট এবং এর ভেতরের আবেগঘন গল্প সালমান খানকে এই প্রজেক্টে যুক্ত হতে উৎসাহিত করেছে। নির্মাতা প্রতিষ্ঠান আগামী ২০২৭ সালে সিনেমাটি বড় পর্দায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সালমানের চিরচেনা বাণিজ্যিক ঘরানার সঙ্গে দক্ষিণী নির্মাণশৈলীর মেলবন্ধনে তৈরি এই ছবি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

এস এম/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language