ঢালিউড

ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ চার দিনে আয় করল ১ কোটি টাকা

ঢাকা, ২৬ মার্চ – ঈদে মুক্তি পাওয়া পাঁচটি চলচ্চিত্রের মধ্যে প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকদের বিপুল প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও ছবিটি অভাবনীয় ব্যবসায়িক সাফল্য অর্জন করছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মুক্তির পর মাত্র চার দিনেই ছবিটির এক কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে।

এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখা থেকে চার দিনে মোট ৮৫ লাখ টাকা এবং ব্লকবাস্টার সিনেমাস থেকে ১৫ লাখেরও বেশি টাকার টিকিট বিক্রি হয়েছে।

এর আগে মুক্তির প্রথম দিনে সিনেমাটি ১৮ লাখ ৫৪ হাজার টাকার টিকিট বিক্রির মাধ্যমে যাত্রা শুরু করে। এরপর দ্বিতীয় দিনে ২২ লাখ ২৬ হাজার টাকা এবং তৃতীয় দিনে ২৮ লাখ ৮৯ হাজার টাকার টিকিট বিক্রি হয়। হিসাব অনুযায়ী মুক্তির দিন থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে সিনেমাটির আয় বৃদ্ধি পেয়েছে।

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক তানিম নূর।

একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পের মাধ্যমে যাত্রীদের জীবনের নানা দিক সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর এবং আজমেরী হক বাঁধনসহ আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী।

এ এম/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language