ফিলিপাইনে মার্কিন অস্ত্রের ঘাঁটি নির্মাণ নিয়ে চীনের কড়া সতর্কতা

বেইজিং, ২৬ মার্চ – এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং নতুন করে সংঘাত এড়াতে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ঘাঁটি নির্মাণের উদ্যোগ নিয়ে কড়া সতর্কতা জারি করেছে চীন। বেইজিং জানিয়েছে এই অঞ্চলে সংঘাত এবং যুদ্ধের বিশৃঙ্খলা ঠেকাতে সংশ্লিষ্ট দেশগুলোকে এগিয়ে আসতে হবে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি আন্তঃসরকারি প্রতিরক্ষা গোষ্ঠী ফিলিপাইনে একটি নতুন অস্ত্রের ঘাঁটি স্থাপন এবং অস্ত্র উৎপাদন লাইনের অর্থায়নের বিষয়টি মূল্যায়ন করতে সম্মত হয়েছে।
এই সিদ্ধান্তটি পার্টনারশিপ ফর ইন্দো প্যাসিফিক ইন্ডাস্ট্রিয়াল রেজিলিয়েন্স বা পিআইপিআইআর এর ১৬টি সদস্য দেশ গ্রহণ করেছে। এই জোটে ব্রিটেন, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ফিলিপাইনও রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে যে ফিলিপাইনে একটি সম্ভাব্য গোলাবারুদ স্থাপনা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে এবং এর ফল হবে ভয়াবহ। মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সংবাদ সম্মেলনে বলেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উচিত আঞ্চলিক দেশগুলোর অভিন্ন আকাঙ্ক্ষাকে আন্তরিকভাবে সম্মান করা।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জোটগত সংঘাত এবং যুদ্ধের বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে তাদের বিরত থাকতে হবে। সম্ভাব্য নতুন স্থাপনাটি সম্পর্কে তিনি আরও বলেন যদি সংশ্লিষ্ট কোনো দেশ বারুদ ও গোলাবারুদের ভাণ্ডার হতে ইচ্ছুক হয় তবে তা তাদের নিজেদের জন্যই উল্টো ফল বয়ে আনবে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চল নিয়ে বেইজিং ও ম্যানিলার মধ্যে প্রায়শই সংঘর্ষের ঘটনা ঘটছে। আন্তর্জাতিক এক রায়ে চীনের দাবির কোনো আইনি ভিত্তি নেই বলা হলেও দেশটি এই গুরুত্বপূর্ণ জলপথের প্রায় পুরো অংশের ওপর নিজেদের মালিকানা দাবি করে আসছে। এই প্রেক্ষাপটে লিন জিয়ান জোর দিয়ে বলেন বেইজিং তার আঞ্চলিক সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।
এস এম/ ২৬ মার্চ ২০২৬









