উত্তর আমেরিকা

ইরাক ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র, নিরাপত্তা ঝুঁকি বাড়ায় সতর্কতা

বাগদাদ, ২৬ মার্চ – নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইরাকের কুর্দি অঞ্চলসহ দেশের নানা প্রান্তে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর ওপর ব্যাপক হামলা চালাচ্ছে।

এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ইরাক ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বাগদাদের মার্কিন দূতাবাস এবং এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেলে না যাওয়ার জন্য কঠোর পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ইরাকের আকাশপথে বর্তমানে ব্যাপক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রকেট হামলার প্রবল ঝুঁকি রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে। তাই যারা ইরাক ছাড়তে ইচ্ছুক, তাদের আকাশপথ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এর বিকল্প হিসেবে জর্ডান, কুয়েত, সৌদি আরব এবং তুরস্কের দিকে যাওয়ার জন্য স্থলপথ ব্যবহারের পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

এস এম/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language