জাতীয়

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ঢাকা, ২৬ মার্চ – তুরস্ক সরকারের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট ২০২৬ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার রাত পৌনে দুইটার দিকে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ ও ২৮ মার্চ ইস্তাম্বুলের কনরাড বসফরাস হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

মন্ত্রীর সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার তিনি সৌদি আরবের জেদ্দা হয়ে ইস্তাম্বুলে পৌঁছাবেন। তুরস্কে পৌঁছানোর পর সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সম্মেলনের মূল কার্যসূচি অনুযায়ী আগামী ২৭ মার্চ বেলা এগারোটা বিশ মিনিটে প্রথম প্যানেল আলোচনায় বক্তব্য রাখবেন তথ্যমন্ত্রী।

এই অধিবেশনে অন্যান্য আলোচকদের মধ্যে থাকবেন উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগ্রুলোগ্লু, সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা এবং কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্য উপমন্ত্রী কানাত ঝুমাবায়েভিচ ইসকাকভ। প্যানেল আলোচনার সঞ্চালনা করবেন টিআরটি ওয়ার্ল্ডের জ্যেষ্ঠ উপস্থাপক অ্যালিচান আয়ানলার। এই আন্তর্জাতিক সফরের সময় তথ্যমন্ত্রী বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধিদের সাথে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত হবেন। সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

এস এম/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language