আইন-আদালত

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদের ৭ দিনের রিমান্ড আবেদন

মিরপুর, ২৬ মার্চ – মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন এই রিমান্ড আবেদনটি জমা দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালতে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর ব্যাপক হামলা চালানো হয়। সে সময় আসামিরা বিভিন্ন দিক থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

এই হামলায় আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

এই ঘটনার জেরে পরবর্তীতে নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়েছে।

এ এম/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language