এশিয়া

লেবাননে হিজবুল্লাহর হামলায় আরও এক ইসরায়েলি সেনা নিহত

বৈরুত, ২৬ মার্চ – লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান তীব্র সংঘর্ষে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর আরও এক সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। এই নিয়ে ওই অঞ্চলে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল। আইডিএফ জানিয়েছে, সীমান্ত সংলগ্ন দক্ষিণ লেবাননে সংঘর্ষ চলাকালে ওই সেনা প্রাণ হারান। এর আগে গত ৮ মার্চ একই এলাকায় আরও দুই সেনার মৃত্যুর খবর জানানো হয়েছিল। বর্তমানে দক্ষিণ লেবানন অঞ্চল কার্যত একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

লেবাননের সেনাবাহিনীর একটি সূত্রের তথ্যমতে, ইসরায়েলি সামরিক বাহিনী সীমান্ত সংলগ্ন অধিকাংশ গ্রামে প্রবেশ করেছে এবং কিছু কিছু জায়গায় তারা লেবাননের ভূখণ্ডে প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত ভেতরে অগ্রসর হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহও সীমান্তের ওপারে নিয়মিত রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। এর মধ্যে অনেকগুলো হামলা প্রতিহত করা সম্ভব হলেও বেশ কিছু হামলায় ক্ষয়ক্ষতি হচ্ছে।

সশস্ত্র গোষ্ঠীটির দাবি, তারা লেবাননের ভেতরে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনা ও ট্যাংকের ওপর লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে স্বাধীনভাবে তথ্য যাচাই করা অত্যন্ত কঠিন। তাই উভয় পক্ষের দেওয়া বিবৃতির ওপরই নির্ভর করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে, সামরিক শক্তিতে পিছিয়ে থাকায় হিজবুল্লাহ মূলত ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি বাড়িয়ে এই অভিযানকে তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল করে তোলার কৌশল নিয়েছে।

এস এম/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language