রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ১৯ যাত্রী আহত

রাঙামাটি, ২৬ মার্চ – রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটির অধিকাংশ যাত্রী চট্টগ্রামের বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিক। ঈদের ছুটি শেষে তারা একটি বাস রিজার্ভ করে রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিলেন।
দুপুরে বাসটি সাপছড়ি এলাকার একটি ঢালু সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের পাহাড়ের সঙ্গে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বাসের যাত্রী জুঁই চাকমা ও রাহুল চাকমা জানান, বাসে প্রায় ৫০ জনের মতো যাত্রী ছিলেন। পাহাড়ি ঢালু পথে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে পাঠান। চট্টগ্রাম বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম জানিয়েছেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি অক্ষত বা সামান্য আহত যাত্রীদের অন্য একটি বাসে করে চট্টগ্রামে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
ফায়ার সার্ভিসের কমান্ডার মো. আব্দুল মান্নান জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের হাসপাতালে পাঠিয়ে দেন। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, এই দুর্ঘটনায় আহত ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল।
তাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
এ এম/ ২৬ মার্চ ২০২৬









