জাতীয়

ডেটা লোকালাইজেশন বনাম গ্লোবাল ক্লাউড: ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের জন্য হাইব্রিড মডেলের প্রস্তাব

ঢাকা, ২৬ মার্চ – ডিজিটাল যুগে রাষ্ট্রীয় ক্ষমতার নতুন মাপকাঠি হয়ে উঠেছে ডেটা। কে ডেটা নিয়ন্ত্রণ করছে, কোথায় তা সংরক্ষিত হচ্ছে এবং কীভাবে তা ব্যবহৃত হচ্ছে, এই তিনটি বিষয় এখন অর্থনীতি, নিরাপত্তা ও নীতিনির্ধারণের কেন্দ্রে অবস্থান করছে।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর এবং অর্থনীতিবিদ সাকিফ শামীম ডেটা লোকালাইজেশন ও গ্লোবাল ক্লাউডের মধ্যে চলমান এই দ্বন্দ্ব এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছেন। তার মতে, এই প্রেক্ষাপটে ডিজিটাল সার্বভৌমত্ব ধারণাটি বিশ্বজুড়ে দ্রুত গুরুত্ব পাচ্ছে। অনেক দেশ তাদের নাগরিকদের তথ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সাইবার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ডেটা লোকালাইজেশন নীতি গ্রহণ করছে। তবে এই প্রবণতা রাষ্ট্রভিত্তিক নিয়ন্ত্রণ বনাম গ্লোবাল ক্লাউডের সীমাহীন ডেটা প্রবাহের মধ্যে একটি মৌলিক দ্বন্দ্ব তৈরি করেছে।

ডেটা লোকালাইজেশন এমন একটি নীতি, যেখানে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত তথ্য সেই দেশের ভৌগোলিক সীমানার মধ্যেই সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে হয়। স্থানীয়ভাবে ডেটা সংরক্ষিত থাকলে তা অধিক নিরাপদ থাকে, সরকারের নিয়ন্ত্রণ বাড়ে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত তথ্য ব্যবহার করতে পারে। আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, টেলিকমিউনিকেশন এবং জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল ক্ষেত্রে এই যুক্তি অত্যন্ত প্রাসঙ্গিক।

তবে এই নীতির অর্থনৈতিক মূল্য অনেক বেশি। স্থানীয় ডেটা অবকাঠামো গড়ে তুলতে বিপুল বিনিয়োগ প্রয়োজন, যা উন্নয়নশীল দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পাশাপাশি এটি আন্তর্জাতিক প্রযুক্তি কম্পানির অংশগ্রহণ সীমিত করে দেশীয় স্টার্টআপগুলোর খরচ বাড়িয়ে দেয়, যার ফলে উদ্ভাবনের গতি মন্থর হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। ডিজিটাল অর্থনীতির মূল শক্তি যেখানে স্কেল ও কানেক্টিভিটি, সেখানে অতিরিক্ত সীমাবদ্ধতা প্রতিযোগিতায় পিছিয়ে দিতে পারে। রাশিয়া ও চীনের মতো দেশগুলো ইতোমধ্যে কঠোর ডেটা লোকালাইজেশন নীতি অনুসরণ করছে।

রাশিয়ার আইনে নাগরিকদের ব্যক্তিগত তথ্য স্থানীয় সার্ভারে সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে ভারত সংবেদনশীল তথ্যের ক্ষেত্রে আংশিক লোকালাইজেশন নীতি বিবেচনা করছে। বিদেশি আইনি কাঠামোর প্রভাব থেকে বেরিয়ে আসাই এসব উদ্যোগের পেছনের অন্যতম প্রধান কারণ। মার্কিন ক্লাউড অ্যাক্ট এমন একটি বাস্তবতা তৈরি করেছে, যেখানে মার্কিন কম্পানিগুলোকে বৈশ্বিকভাবে সংরক্ষিত ডেটা নির্দিষ্ট শর্তে শেয়ার করতে হতে পারে।

এটি অনেক দেশের সার্বভৌমত্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে গ্লোবাল ক্লাউড মডেল আধুনিক ডিজিটাল অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এটি প্রতিষ্ঠানগুলোকে কম খরচে উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেয় এবং ছোট উদ্যোক্তা থেকে শুরু করে ফ্রিল্যান্সারদেরও বৈশ্বিক বাজারে প্রবেশের পথ উন্মুক্ত করে। ক্লাউড অবকাঠামোর এই আন্তঃসংযুক্ত ব্যবস্থা উদ্ভাবন, দক্ষতা এবং স্কেল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এর সঙ্গে ডেটার ওপর নিয়ন্ত্রণ হ্রাস, বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা এবং আইনি এখতিয়ারের জটিলতার মতো কৌশলগত ঝুঁকি জড়িত রয়েছে। সাম্প্রতিক বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী, ডেটার পরিমাণ দ্রুত বাড়ছে এবং বিশ্ব এখন একটি ডেটা কেন্দ্রিক অর্থনীতিতে রূপান্তরিত হচ্ছে।

এই বিপুল তথ্যপ্রবাহ কঠোরভাবে ভৌগোলিক সীমানায় আবদ্ধ করা হলে ক্লাউড কম্পিউটিংয়ের দক্ষতা ও ব্যয় সাশ্রয়ী কাঠামো ব্যাহত হতে পারে। কঠোর লোকালাইজেশন নীতি কিছু দেশের জিডিপি প্রবৃদ্ধিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে বলে গবেষণায় উঠে এসেছে। এই নীতিগত দ্বন্দ্বটি মূলত আইনি এখতিয়ার, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নাগরিক গোপনীয়তার মতো তিনটি স্তরে প্রতিফলিত হয়। গ্লোবাল ক্লাউড ব্যবস্থায় ডেটার অবস্থান অস্পষ্ট হওয়ায় বিচারিক প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়। ডেটার অবাধ প্রবাহ বৈশ্বিক বাণিজ্যের জন্য অপরিহার্য হলেও ডেটা কলোনিয়ালিজমের আশঙ্কা বাড়ছে। অপরদিকে লোকালাইজেশন নীতি নিরাপত্তা নিশ্চিত করলেও তা রাষ্ট্রীয় নজরদারির ঝুঁকি বাড়াতে পারে।

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্লাউড কম্পিউটিং এবং ডেটা চালিত উদ্ভাবন অপরিহার্য। তবে স্বাস্থ্য, আর্থিক ও সরকারি তথ্যের মতো সংবেদনশীল তথ্য দেশের বাইরে চলে যাওয়ার ঝুঁকি উপেক্ষা করার সুযোগ নেই। সাকিফ শামীমের মতে, এই বাস্তবতায় বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পথ হতে পারে একটি হাইব্রিড ডেটা গভর্নেন্স মডেল।

এই মডেলে উচ্চ সংবেদনশীল তথ্য স্থানীয়ভাবে সংরক্ষণ করা হবে এবং সাধারণ ও বাণিজ্যিক ডেটার ক্ষেত্রে গ্লোবাল ক্লাউড ব্যবহারের সুযোগ উন্মুক্ত রাখা হবে। পাশাপাশি একটি শক্তিশালী ডেটা সুরক্ষা আইন প্রণয়ন, আন্তর্জাতিক ডেটা শেয়ারিং চুক্তিতে অংশগ্রহণ এবং স্থানীয় ক্লাউড অবকাঠামোতে বিনিয়োগ করা অত্যন্ত জরুরি। ডেটা লোকালাইজেশন বনাম গ্লোবাল ক্লাউডের বিতর্কটি কেবল প্রযুক্তিগত নয়, এটি অর্থনৈতিক কৌশল, ভূরাজনীতি এবং নীতিনির্ধারণের একটি বড় প্রশ্ন। কোনো দেশই সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে টেকসই ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে পারবে না।

তাই একটি ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক কাঠামো প্রয়োজন, যা ডেটার অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি জাতীয় সার্বভৌমত্বকেও সম্মান জানাবে। ডিজিটাল যুগে প্রকৃত অগ্রগতি নির্ভর করবে ডেটার দায়িত্বশীল, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবহারের ওপর।

এ এম/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language