এশিয়া

জাতিসংঘে ইমরান খানের মুক্তির দাবি জানালেন ছেলে কাসিম

ইসলামাবাদ, ২৬ মার্চ – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের মুক্তির দাবিতে জাতিসংঘে জোরালো বক্তব্য দিয়েছেন তার ছেলে কাসিম খান। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে তিনি এই দাবি উত্থাপন করেন।

কাসিম অভিযোগ করেন যে তার বাবাকে অত্যন্ত অমানবিক পরিবেশে বন্দি রাখা হয়েছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি জানান তার বাবা প্রায় এক হাজার দিন ধরে কারাগারে বন্দি আছেন এবং তাকে এমন একটি একাকী সেলে রাখা হয়েছে যা মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য তৈরি করা হয়।

কারাবন্দি অবস্থায় ইমরান খানের শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটেছে বলেও কাসিম দাবি করেন। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী তার ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাসিম অভিযোগ করেন পাকিস্তানে ভিন্নমত দমনের জন্য একটি সুপরিকল্পিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এটিকে শুধুমাত্র রাজনৈতিক মতবিরোধ নয় বরং ভিন্নমতকে দমন করার একটি ভয়ঙ্কর প্রবণতা হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি ইমরান খানসহ সকল রাজনৈতিক বন্দির মুক্তি নিশ্চিত করতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানান। উল্লেখ্য যে ২০২৩ সাল থেকে কারাগারে বন্দি থাকা ইমরান খান এবং তার স্ত্রীকে গত বছর দুর্নীতির একটি মামলায় সতেরো বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

যদিও ইমরান খান শুরু থেকেই এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আসছেন। এর আগে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সাবেক ক্রিকেটারদের একটি দল পাকিস্তান সরকারের কাছে তার প্রতি মানবিক আচরণ করার দাবি জানিয়েছিল।

ক্রিকেট মাঠে ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর পর রাজনীতিতে যুক্ত হন ইমরান খান এবং ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এ এম/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language