জাতীয়

স্বাধীনতা দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জবি উপাচার্যের শ্রদ্ধা

ঢাকা, ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে অবস্থিত সমাধিস্থলে এই শ্রদ্ধা জানানো হয়।

একই সঙ্গে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও সম্মান প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল অধ্যায়। এই বিশেষ দিনে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর দেশপ্রেম এবং আদর্শ নতুন প্রজন্মের কাছে সবসময় অনুকরণীয় হয়ে থাকবে। উপাচার্য সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি উন্নত, সমৃদ্ধ এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক নাছির আহমাদ, প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এর আগে একই দিন সকালে উপাচার্যের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এ এম/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language