উত্তর আমেরিকা

হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

তেহরান, ২৬ মার্চ – হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত করা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে আবারও বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪৮ ঘণ্টার মধ্যে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি পুরোপুরি খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন তিনি। অন্যথায় ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র থেকে শুরু করে অন্যান্য স্থাপনাগুলো ধ্বংস করার হুঁশিয়ারি দেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এই কড়া বার্তা প্রদান করেন।

প্রায় তিন সপ্তাহ ধরে হরমুজ প্রণালি কার্যত অচল অবস্থায় রয়েছে। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অচলাবস্থার কারণে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট এমন হুমকি দিয়েছিলেন। তার এই হুমকির পরিপ্রক্ষিতে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্রদের বিদ্যুৎকেন্দ্রে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে, ইরানের বিদ্যুৎ ব্যবস্থায় কোনো ধরনের আঘাত করা হলে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানানো হবে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে তারা যেকোনো হুমকির সমান্তরাল জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পাশাপাশি ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হলে সেগুলো সম্পূর্ণ পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি স্থায়ীভাবে বন্ধ রাখা হতে পারে বলেও তেহরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

এস এম/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language