এশিয়া

মার্কিন শর্ত মেনে রাশিয়ার জ্বালানি পণ্য আমদানির সুযোগ পেল দক্ষিণ কোরিয়া

সিওল, ২৬ মার্চ – বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যে রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞায় কিছুটা স্বস্তি পেয়েছে দক্ষিণ কোরিয়া। সিউল নিশ্চিত করেছে যে ওয়াশিংটনের বেঁধে দেওয়া কিছু শর্ত মেনে তারা এখন থেকে রাশিয়ার নির্দিষ্ট কিছু জ্বালানি পণ্য আমদানি করতে পারবে। বৈশ্বিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপের অংশ হিসেবেই দক্ষিণ কোরিয়াকে এই ছাড় দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার বাণিজ্য শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তা ইয়াং গি-উক বুধবার এক বিবৃতিতে জানান যুক্তরাষ্ট্র এর আগে রাশিয়ান অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় সাময়িক শিথিলতার ঘোষণা দিয়েছিল।

তবে এই প্রক্রিয়ায় বেশ কিছু অস্পষ্টতা ও উদ্বেগ থাকায় সিউল সরকার সরাসরি ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসে। সেই আলোচনার পর সিউল নিশ্চিত হয়েছে যে দক্ষিণ কোরিয়া রাশিয়ার জ্বালানি পণ্য কিনতে পারবে। এক্ষেত্রে প্রধান শর্ত হলো লেনদেন অবশ্যই মার্কিন ডলার ব্যতীত অন্য কোনো মুদ্রায় সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের আনুষঙ্গিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না সিউলকে। বিশ্লেষকদের মতে মার্কিন প্রশাসন তেলের বাজার স্থিতিশীল রাখতে কাজ করছে। চলতি মাসের শুরুর দিকে কয়েক কোটি ব্যারেল রাশিয়ান তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে সিদ্ধান্ত তারা নিয়েছিল দক্ষিণ কোরিয়ার সঙ্গে এই সমঝোতা তারই ধারাবাহিকতা। আন্তর্জাতিক বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতেই ওয়াশিংটন এমন নমনীয় অবস্থান গ্রহণ করেছে।

এস এম/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language