রাজারবাগ পুলিশ লাইন্সই মুক্তিযুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের তিনি জানান, রাজারবাগ পুলিশ লাইন্সই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি। মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম গণহত্যা শুরু হয় এবং এই ঘটনার প্রেক্ষাপটেই স্বাধীনতার ঘোষণা আসে। তৎকালীন মেজর জিয়াউর রহমান গণহত্যার খবর পেয়ে চট্টগ্রামে বিদ্রোহ করেন এবং ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বিশ্ববাসীর সমর্থন কামনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী একেই বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস হিসেবে উল্লেখ করেছেন। শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, রাজারবাগের পুলিশ সদস্যদের রক্তদানের মাধ্যমেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। জাতি তাদের এই আত্মত্যাগ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এর আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতেও শ্রদ্ধা জানান। দীর্ঘদিন পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ পুনরায় শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে।
ভারত থেকে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত আনা প্রসঙ্গে তিনি জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় কূটনৈতিক চ্যানেলে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া পুলিশ বাহিনীকে আধুনিক ও দক্ষ করতে উন্নত দেশগুলোর সঙ্গে কারিগরি সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৬ মার্চ ২০২৬









