স্পট মার্কেট থেকে আরও দুই কার্গো এলএনজি কিনবে সরকার

তেহরান, ২৬ মার্চ – মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় স্পট মার্কেট থেকে জরুরি ভিত্তিতে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাজ্যের প্রতিষ্ঠান টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার এই এলএনজি সরবরাহ করবে। বুধবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে গণ খাতে ক্রয় বিধিমালা ২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে এই এলএনজি আমদানি করা হবে। প্রতি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট এলএনজি থাকে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৯ দশমিক ৭৭ মার্কিন ডলারে কেনা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় দুই কার্গোর মোট দাম পড়বে ১ হাজার ৬৬৬ কোটি ৭৯ লাখ টাকা। আগামী ২৪ থেকে ২৫ এপ্রিল প্রথম কার্গো এবং ২৭ থেকে ২৮ এপ্রিল দ্বিতীয় কার্গো দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে ১১ মার্চ একই প্রতিষ্ঠান থেকে এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছিল।
তখন প্রতি এমএমবিটিইউর দাম ছিল ২১ দশমিক ৫৮ ডলার। সেই তুলনায় এবার দাম কিছুটা কমেছে। বৈঠকে এলএনজি ছাড়াও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের জন্য ভর্তুকি মূল্যে বিক্রির উদ্দেশ্যে ১ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে এই কাজ পেয়েছে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
পাশাপাশি ২০২৫ ও ২০২৬ অর্থবছরে ইপিআই কার্যক্রমে ব্যবহৃত ভ্যাকসিন সরাসরি ইউনিসেফ থেকে ৬০৪ কোটি টাকায় কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়াও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি বা কাফকো থেকে ১৭৫ কোটি ৩৫ লাখ টাকায় ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গায় ৪৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার টন ক্ষমতার একটি বাফার গুদাম নির্মাণের কাজ পেয়েছে এস এস রহমান ইন্টারন্যাশনাল। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আধুনিকায়নের জন্য ২৩০ কোটি টাকায় বিদ্যুতের খুঁটি কেনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
এস এম/ ২৬ মার্চ ২০২৬









