বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৬ মার্চ – বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ তার ইতিহাসে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই বিশেষ প্রেক্ষাপটে এবারের স্বাধীনতা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
মার্কো রুবিও আরও জানান যে একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। আগামী দিনগুলোতে উভয় দেশের জনগণের সার্বিক কল্যাণে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্বাধীনতা দিবসের এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মার্কো রুবিও।
এস এম/ ২৬ মার্চ ২০২৬









