সাতক্ষীরায় মোটরসাইকেলে তেল নিতে বাধ্যতামূলক ডিসির ফুয়েল কার্ড

সাতক্ষীরা, ২৬ মার্চ – সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে নতুন একটি নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ফুয়েল কার্ড বা টোকেন ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।
জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়া যাবে। নির্ধারিত এই সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে তেল দেওয়া হবে না।
এছাড়া তেল নেওয়ার সময় মোটরসাইকেল চালকের কাছে বৈধ কাগজপত্র থাকতে হবে। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর এবং ট্যাক্স টোকেন থাকতে হবে। একই সঙ্গে হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে।
জ্বালানি তেল নিতে হলে আগে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। এই কার্ড ছাড়া কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল দেওয়া হবে না। ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো পাত্রে জ্বালানি তেল বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। এছাড়া অনুমোদিত ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল কেনাবেচাও বন্ধ থাকবে। এসব নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসন সতর্ক করেছে।
এনএন/ ২৬ মার্চ ২০২৬









