মধ্যপ্রাচ্য

১৮ এপ্রিলের মধ্যে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের সৌদি ছাড়ার নির্দেশ

রিয়াদ, ২৬ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে, তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত যেসব বাংলাদেশি ২৫ ফেব্রুয়ারির পর দেশে ফিরতে পারেননি, সৌদি কর্তৃপক্ষ তাদের জন্য এই বিশেষ সুযোগ প্রদান করেছে।

আগামী ১৮ এপ্রিলের আগে যেকোনো দিন ফ্লাইটের টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দরে উপস্থিত হয়ে তারা সৌদি আরব ত্যাগ করতে পারবেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফিরলে ভিসার মেয়াদ বাড়ানোর কোনো প্রয়োজন হবে না এবং কোনো জরিমানাও গুনতে হবে না। তবে নির্দিষ্ট মেয়াদের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে পরবর্তীতে প্রবাসীদের আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে বলে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

এস এম/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language