মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের দাবি ওড়াল ইরান, চলছে শুধু বার্তা বিনিময়

তেহরান, ২৬ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসনের কর্মকর্তাদের ইরানের সঙ্গে সংলাপ শুরুর দাবিটি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই দাবি সঠিক নয়। তবে তিনি স্বীকার করেছেন যে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কেবল বার্তার আদানপ্রদান চলছে।

বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৈয়দ আরাগচি এসব কথা বলেন।

তিনি প্রশ্ন তুলে বলেন, মার্কিনিরা তো নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল, এখন তারা আবার কেন আলোচনার কথা তুলছে। আরাগচি জোর দিয়ে বলেন, এই মুহূর্তে তাদের নীতি হলো প্রতিরোধ চালিয়ে যাওয়া। এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি এবং তাদের অবস্থান সম্পূর্ণ নৈতিক বলে তিনি বিশ্বাস করেন।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেন যে, ইরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। গত বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি না করে তবে দেশটির ওপর চরম পরিণতি নেমে আসবে। তিনি আরও উল্লেখ করেছিলেন, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং ফলাফল সন্তোষজনক।

এই দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবারের সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, যুদ্ধ চলাকালীন আলোচনার জন্য ব্যস্ত হওয়ার অর্থ হলো পরাজয় স্বীকার করে নেওয়া। তবে আরাগচি স্বীকার করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো ১৫ দফার একটি শান্তি প্রস্তাবের অনুলিপি ইরানের সরকারের কাছে পৌঁছেছে। প্রস্তাবটি বিভিন্ন ধারণায় পরিপূর্ণ এবং সরকারি নেতৃত্ব এর পয়েন্টগুলো যাচাই ও পর্যালোচনা করছেন।

মিত্র দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবটি নিয়ে বার্তা বিনিময় চললেও এটিকে কোনোভাবেই সংলাপ বা আলোচনা বলা চলে না বলে তিনি জানান।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তেহরান যেভাবে যুদ্ধ পরিচালনা করেছে তার মাধ্যমেই নিজেদের নিরাপত্তাজনিত নিজস্ব নিশ্চয়তা তৈরি করতে সক্ষম হয়েছে এবং বিশ্বকে দেখিয়ে দেওয়া হয়েছে যে তাদের স্বার্থ নিয়ে খেলা করার পরিণতি অত্যন্ত গুরুতর হতে পারে।

এনএন/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language