জাতীয়

সুনির্দিষ্ট অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ আটক

ঢাকা, ২৬ মার্চ – সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার দিবাগত রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আনা হয়েছে এবং কিছু বিষয়ে কথা বলার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ভূমি দখল এবং একটি গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

এর আগে গত বছরের ২২ মে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদসহ কয়েকজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব ওই আদেশ দিয়েছিলেন।

এনএন/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language