জাতীয়

দৌলতদিয়া ঘাটে বাসডুবি: দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস নৌপরিবহন মন্ত্রীর

রাজবাড়ী, ২৬ মার্চ – রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই কড়া বার্তা দেন।

মন্ত্রী বলেন, এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতোমধ্যে এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনার পরপরই দ্রুতগতিতে উদ্ধার কার্যক্রম শুরু করা হয় বলে তিনি জানান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ হামজা এবং ডুবুরি দল নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তাদের পাশাপাশি ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করেছে। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আর্থিক ও সার্বিক সহায়তা প্রদান করা হবে বলে মন্ত্রী আশ্বস্ত করেন।

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এনএন/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language