জাতীয়

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

ঢাকা, ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার ভোর ৬টায় তারা স্মৃতিসৌধে উপস্থিত হয়ে এই শ্রদ্ধা জানান।

বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে। পরবর্তীতে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সাভার থেকে ঢাকায় ফেরার পথে সকাল ৭টার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়ে একটি বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি ২৬ মার্চকে জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত নারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এনএন/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language