সরিষাবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালপুর, ২৫ মার্চ – জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিয়ারকৃষ্ণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পৌর এলাকার মুলবাড়ী গ্রামের সুজল উদ্দিনের ছেলে সাইদুর রহমান, বলারদিয়ার গ্রামের নজরুল ইসলামের ছেলে রাকিব মিয়া এবং একই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার ছেলে প্রত্যয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি উপজেলার বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, পৌরসভার দিয়ারকৃষ্ণ এলাকায় সাইদুর রহমানের ভাড়া বাসায় মাদক কেনাবেচা চলছে।
এই খবরের ভিত্তিতে পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালায়। এ সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের শরীর তল্লাশি করে সাইদুরের পকেট থেকে ৪০ পিস, রাকিবের কাছ থেকে ১৫ পিস এবং প্রত্যয়ের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করা হয়েছে।
আটকের সময় তাদের কাছ থেকে মোট ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়। বুধবার বিকেলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ এম/ ২৫ মার্চ ২০২৬









