সিরাজগঞ্জ

শাহজাদপুরে যুবক হত্যা: মামলায় আসামি হওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ, ২৫ মার্চ – সিরাজগঞ্জের শাহজাদপুরে সোহেল রানা নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগে এক ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার ২৫ মার্চ বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সড়াতৈল গ্রামের সোহেল রানা হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠায় সাইফুল ইসলামকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নিহতের মায়ের দায়ের করা হত্যা মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। বহিষ্কৃত সাইফুল ইসলাম শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এর আগে গত ২১ মার্চ ঈদের দিন সকালে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে সোহেল রানার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সোহেল কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মন্ডলের ছেলে। জানা যায় ঈদের আগের শুক্রবার সন্ধ্যায় ঈদ বকশিশ দেওয়ার প্রলোভন দেখিয়ে সোহেলকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়েছিল।

এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাকে গলা কেটে এবং মাথা ও গালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের মা রুবি আক্তার বাদী হয়ে সাইফুল ইসলামের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

এ এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language