আইন-আদালত

মগবাজারে জোরপূর্বক দোকান বন্ধ: হাতিরঝিল থানার ওসিকে আদালতের শোকজ

ঢাকা, ২৫ মার্চ – রাজধানীর মগবাজার এলাকায় একটি পাঞ্জাবির দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শোকজ করেছেন ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার সিএমএম আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদ আদালতের নজরে এসেছে।

ওই সংবাদে উল্লেখ করা হয়, মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে নবীন ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশ নিয়ে উপস্থিত হয়ে দোকানটি বন্ধ করার নির্দেশ দেয়। এ সময় কিছু ব্যক্তিকে উগ্র আচরণ করতে এবং উপস্থিত পুলিশ সদস্যদের নীরব থাকতে দেখা যায়। আদালত মন্তব্য করেন, এ ধরনের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা জনমনে ভীতি সঞ্চার করতে পারে। পুলিশের এমন আচরণকে কেন আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাতিরঝিল থানার ওসিকে তিন দিনের মধ্যে সশরীরে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বন্ধ করে দেওয়া ওই পাঞ্জাবির দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম ও পরিচয় আদালতে জমা দিতে বলা হয়েছে। আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language