মধ্যপ্রাচ্য

ইরান উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে এক হাজার মার্কিন প্যারাট্রুপার মোতায়েন

তেহরান, ২৫ মার্চ – ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির চরম উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে প্রায় এক হাজার প্যারাট্রুপার মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে। সূত্রগুলোর দাবি অনুযায়ী মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় এক হাজার সেনাসদস্যকে আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পাঠানো হবে। এর ফলে ওই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি আরও জোরদার হবে। তবে মার্কিন প্রশাসন বলছে তারা যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। জানা গেছে এই সামরিক দলে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ব্র্যান্ডন টেগটমায়ার এবং ডিভিশন স্টাফরা রয়েছেন।

পাশাপাশি ১ম ব্রিগেড কমব্যাট টিমের একটি ব্যাটালিয়নও এর অন্তর্ভুক্ত থাকছে যা বর্তমানে ডিভিশনের ইমিডিয়েট রেসপন্স ফোর্স বা আইআরএফ হিসেবে দায়িত্ব পালন করছে। একটি সূত্র জানিয়েছে ডিভিশন স্টাফ এবং ব্যাটালিয়নের প্রাথমিক অংশটি এক সপ্তাহের মধ্যেই মোতায়েন শুরু করবে বলে আশা করা হচ্ছে। পরবর্তীতে ব্রিগেডের অন্যান্য অংশও মোতায়েন করা হবে। তবে পরিস্থিতির পরিবর্তনের ওপর ভিত্তি করে এই পরিকল্পনায় রদবদল হতে পারে। সূত্রটি আরও জানিয়েছে এই ব্রিগেডটি মধ্যপ্রাচ্যে একটি প্রস্তুত ইউনিট হিসেবে অবস্থান করবে এবং যেকোনো জরুরি প্রয়োজনে তাদের তলব করা হবে।

এর আগে ২০২০ সালে ইরানি কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পরও ৮২তম এয়ারবোর্ন ডিভিশন প্রায় একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। আইআরএফ মূলত স্বল্প সময়ের নোটিশে দ্রুত প্রতিক্রিয়া বাহিনী হিসেবে কাজ করে। তলব করা হলে তারা কয়েক ঘণ্টার মধ্যেই নির্দিষ্ট স্থানে মোতায়েন হতে সক্ষম। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। এই সংঘাত ইতোমধ্যে টানা ২৬তম দিনে গড়িয়েছে। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান যার ফলে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এর নেতিবাচক প্রভাবে সারাবিশ্বের জ্বালানি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language