পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে ফের তৃণমূলের সরকার গঠনের আভাস, বলছে জরিপ

কলকাতা, ২৫ মার্চ – পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস আরও এক মেয়াদে ক্ষমতায় আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। সর্বভারতীয় গণমাধ্যম সিএনএন নিউজ এইটিন প্রকাশিত একটি জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপের ফলাফল অনুযায়ী ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৮৪ থেকে ১৯৪টি আসন। অন্যদিকে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ৯৮ থেকে ১০৮টি আসন পেয়ে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই পিছিয়ে থাকতে পারে। জরিপে আরও উল্লেখ করা হয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বামফ্রন্টসহ অন্যান্য দলগুলো মিলে মাত্র ১ থেকে ৩টি আসন পেতে পারে।

ভোটের হিসেব অনুযায়ী তৃণমূল কংগ্রেস ৪১ দশমিক ৯ শতাংশ এবং বিজেপি ৩৪ দশমিক ৯ শতাংশ ভোট পেতে পারে। বিশ্লেষকদের মতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রবণতাই এবারের বিধানসভা ভোটে প্রতিফলিত হতে চলেছে। সম্প্রদায়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মুসলিম ভোটারদের মধ্যে তৃণমূলের শক্ত অবস্থান বজায় রয়েছে এবং তাদের ৫৭ দশমিক ৬ শতাংশ সমর্থন করছে। অন্যদিকে তফসিলি উপজাতিদের ৫১ শতাংশ বিজেপির দিকে ঝুঁকে রয়েছে। তফসিলি জাতি ও দলিত ভোটারদের মধ্যে ৪৩ শতাংশ বিজেপি এবং ৩৯ দশমিক ৫ শতাংশ তৃণমূলকে সমর্থন করছে। মুখ্যমন্ত্রী পদে পছন্দের ক্ষেত্রে ৪৮ দশমিক ৫ শতাংশ সমর্থন নিয়ে শীর্ষে রয়েছেন মমতা ব্যানার্জি। এরপর রয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যিনি ৩৩ দশমিক ৪ শতাংশ সমর্থন পেয়েছেন।

এছাড়া মোহাম্মদ সেলিম ৪ দশমিক ৩ শতাংশ এবং অধীর রঞ্জন চৌধুরী ৩ দশমিক ৭ শতাংশ সমর্থন পেয়েছেন। জরিপের তথ্য মতে এবারের নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু বেকারত্ব যা ৩৭ দশমিক ২ শতাংশ উত্তরদাতা উল্লেখ করেছেন। এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নারী নিরাপত্তা মূল্যবৃদ্ধি ও দুর্নীতির মতো বিষয়গুলোও সমানভাবে গুরুত্ব পাচ্ছে। জরিপে নতুন রাজনৈতিক সমীকরণের কথাও বলা হয়েছে। আম জনতা উন্নয়ন পার্টি এবং অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের জোট তৃণমূলের ভোটব্যাংকে কিছুটা প্রভাব ফেলতে পারে। বর্তমান সরকারের কার্যক্রমকে ৪৩ দশমিক ৩ শতাংশ মানুষ ভালো বা খুব ভালো বললেও ৩৮ দশমিক ৯ শতাংশ একে খারাপ বা খুব খারাপ হিসেবে মূল্যায়ন করেছেন। এটি সরকারের প্রতি মানুষের মিশ্র প্রতিক্রিয়ার ইঙ্গিত দেয়। এছাড়া অভ্যন্তরীণ কোন্দল নেতৃত্বের অভাব দুর্বল সংগঠন ও জনসংযোগের ঘাটতি বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২ আসনে এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং আগামী ৪ মে ভোট গণনা করা হবে।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language