নোয়াখালী

সুবর্ণচরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২৪টি দোকান

নোয়াখালী, ২৫ মার্চ – নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্যমতে রাতের অন্ধকারে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাজারের ফল ও মুদি দোকান থেকে শুরু করে ফার্মেসি এবং ভাঙারি দোকানসহ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ভস্মীভূত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। জীবিকার একমাত্র সম্বল হারিয়ে অনেক ব্যবসায়ী চরম দিশেহারা হয়ে পড়েছেন। সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুবেল মিয়া জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ২০ জন মালিকের ২৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language