জাতীয়

ঢাকায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকা, ২৫ মার্চ – বুধবার দুপুরের মধ্যে রাজধানী ঢাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার এই পূর্বাভাস দেওয়া হয়।

পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া আকারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সামান্য বাড়তে পারে।

বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং ওই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে।

এনএন/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language