জাতীয়

উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান তারেক রহমানের

ঢাকা, ২৫ মার্চ – একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান। বাণীতে তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, ২৫ মার্চ স্বাধীনতাকামী বাঙালির ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম দিন। এই রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে এদেশের নিরস্ত্র মানুষের ওপর ইতিহাসের অন্যতম বর্বর গণহত্যা চালিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং রাজারবাগ পুলিশ লাইনসসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়।

এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা সম্ভব হয়নি, তা নিয়ে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা এখনো গবেষণার বিষয় বলে তিনি উল্লেখ করেন। তবে ২৫ মার্চ দিবাগত রাতে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট উই রিভোল্ট উচ্চারণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধের মধ্য দিয়েই সূচনা হয় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের।

বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত মূল্য ও তাৎপর্য তুলে ধরতে ২৫ মার্চের গণহত্যা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন। রাষ্ট্র ও সমাজে মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

পরিশেষে তিনি সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

এনএন/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language