২৫ মার্চের রাতে হচ্ছে না ১ মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট

ঢাকা, ২৪ মার্চ – আগামীকাল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে প্রস্তাবিত এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচিটি বাতিল করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের মঙ্গলবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল যে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাতকে স্মরণ করে রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে এই প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে।
তবে কেপিআই, জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে সেই সময় উল্লেখ করা হয়েছিল। কিন্তু মঙ্গলবারের নতুন বার্তায় জানানো হয় যে পূর্বঘোষিত ওই এক মিনিটের ব্ল্যাকআউট এবার অনুষ্ঠিত হচ্ছে না।
তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। উল্লেখ্য যে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় অপারেশন সার্চলাইট নামে এক নির্মম সামরিক অভিযান পরিচালনা করে।
ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ পুরো ঢাকা শহরে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়।
গত আওয়ামী লীগ সরকারের আমলে কালরাতের স্মরণে ২৫ মার্চ এই এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচিটি প্রথম চালু করা হয়েছিল। গত বছরও রাত ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত এই প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হয়েছিল।
এ এম/ ২৪ মার্চ ২০২৬









