দক্ষিণ এশিয়া

হাদি হত্যার দুই অভিযুক্তকে কলকাতা থেকে দিল্লিতে নিল এনআইএ

কলকাতা, ২৪ মার্চ – ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে অধিকতর তদন্তের জন্য ভারতের রাজধানী দিল্লিতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়।

গত ২২ মার্চ উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। আগামী ২ এপ্রিল তাদের পুনরায় আদালতে তোলার কথা ছিল। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে ফরেনারস আইনে মামলা করা হয়েছিল। পরবর্তীতে গত ২২ মার্চ এনআইএর পক্ষ থেকে আদালতে নতুন করে আবেদন জানানো হয়।

তাদের বিরুদ্ধে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন বা ইউএপিএ আইনের ১৬ এবং ১৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এনআইএ প্রথমে কারাগারে গিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের আবেদন জানায় এবং আদালত তাতে সম্মতি প্রদান করে। এরপর গতকাল তদন্তের স্বার্থে ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গের কারাগার থেকে দিল্লির সদর দপ্তরে নিয়ে যাওয়ার আবেদন করে এনআইএ। আদালত এই আবেদনে সাড়া দিলে মঙ্গলবার দুই অভিযুক্তকে কলকাতা থেকে দিল্লিতে নেওয়া হয়।

উল্লেখ্য, এই দুই অভিযুক্তকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)।

এসটিএফ জানায়, ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী জেলায় এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিল এবং বনগাঁয় আত্মগোপন করেছিল। সুযোগ বুঝে তারা পুনরায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।

এনএন/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language