জাতীয়

ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে এপিইউবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আগারগাঁও, ২৪ মার্চ – বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এপিইউবি চেয়ারম্যান ড. মো. সাবুর খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ, সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন, কোষাধ্যক্ষ কাইয়ুম রেজা চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য ফারুক হাসান, লুৎফে এম. আইয়ুব, নওশাদ শামসুল আরেফিন ও আবুল কাসেম হায়দার।

প্রতিনিধি দল নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। বৈঠকে দেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতে একাডেমিক মানোন্নয়ন, গবেষণা কার্যক্রমের প্রসার এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইউজিসি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির মধ্যে সমন্বয় সাধন ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই আলোচনায়। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এপিইউবি প্রতিনিধি দলকে স্বাগত জানান। তিনি উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের প্রবেশাধিকার সম্প্রসারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।

পাশাপাশি এই খাতের সার্বিক উন্নয়নে এবং বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ইউজিসির পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। এই সৌজন্য সাক্ষাতে ইউজিসির সচিব ড. মোহাম্মদ ফখরুল ইসলাম এবং এপিইউবি সচিবালয়ের পরিচালক বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের উচ্চশিক্ষা খাতের সার্বিক উন্নয়নে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এ এম/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language