ভারত থেকে জ্বালানি আমদানির সবুজ সংকেত মিলেছে: শামা ওবায়েদ

ঢাকা, ২৪ মার্চ – বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে ইতিবাচক সাড়া বা সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শামা ওবায়েদ জানান বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সেখানের বাংলাদেশ মিশনগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ইরানে বসবাসরত দুই হাজারের বেশি বাংলাদেশি নিরাপদে আছেন বলে তিনি নিশ্চিত করেছেন। দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।
ভারতে গ্রেপ্তার হওয়া শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনের বিষয়ে তিনি বলেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার পক্ষ থেকে এখনও কনস্যুলার অ্যাক্সেস পাওয়া যায়নি। তবে খুব শিগগিরই এই অ্যাক্সেস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
এছাড়া শেখ হাসিনাসহ ভারতে পালিয়ে থাকা অন্যান্য ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত করেছেন।
এনএন/ ২৪ মার্চ ২০২৬









