কক্সবাজার

চকরিয়ায় পুলিশের অভিযান চলাকালে হঠাৎ জ্ঞান হারিয়ে এএসআইয়ের মৃত্যু

কক্সবাজার, ২৪ মার্চ – কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযান চলাকালে রূপন কান্তি দে নামের এক সহকারী উপপরিদর্শকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার হারবাং স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

বিয়াল্লিশ বছর বয়সী নিহত রূপন কান্তি দে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী গ্রামের মৃত হরিপদ দের ছেলে। তিনি চকরিয়া থানার আওতাধীন হারবাং পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যায় উপপরিদর্শক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল হারবাং এলাকায় জুনাইদ নামের এক আসামিকে ধরতে যায়। অভিযান চলাকালে আসামিকে ধরার একপর্যায়ে এএসআই রূপন কান্তি দে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার অহিদুল ইসলাম জানান জুনাইদ নামের ওই ব্যক্তিকে আটকের সময় কথা কাটাকাটির একপর্যায়ে রূপন অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই অভিযানে নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক মোফাজ্জল হোসেনও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়নুল আবেদীন জানান হাসপাতালে আনার আগেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছিল এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান রূপন আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। এর আগে দুবার স্ট্রোক করায় তার হার্টে রিং পরানো ছিল।

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জেলা পুলিশের ফেসবুক পেজে এক বিবৃতিতে জানিয়েছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে স্ট্রোকজনিত কারণেই এএসআই রূপন কান্তি দের মৃত্যু হয়েছে।

এনএন/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language