কলার মোচার খোল উড়িয়ে পঞ্চগড় এক্সপ্রেসকে ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচালেন বৃদ্ধ

দিনাজপুর, ২৩ মার্চ – দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক শ্রমিকের উপস্থিত বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি যাত্রীবাহী ট্রেন। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ফুলবাড়ী এবং বিরামপুর রেলওয়ের মধ্যবর্তী পূর্ব চণ্ডীপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পঁয়ষট্টি বছর বয়সী শ্রমিক এনামুল হক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রায় এক ফুট অংশ ভাঙা দেখতে পান। বিপদ বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে ডেকে আনেন। এরপর একটি কলার গাছ থেকে মোচা ভেঙে তার লাল রঙের পাপড়ি বা খোল একটি লাঠির মাথায় বেঁধে নেন।
ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি চলে এলে তিনি সেই লাঠি নেড়ে সতর্ক সংকেত দিতে থাকেন। দূর থেকে লাল সংকেত দেখতে পেয়ে চালক ট্রেনটির গতি কমিয়ে নিরাপদ দূরত্বে থামিয়ে দেন। এতে ট্রেনের শত শত যাত্রী নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
স্থানীয়রা জানান এনামুল হকের নির্দেশে শাহিনুর নামের এক ব্যক্তিসহ কয়েকজন মিলে পার্বতীপুর রেলওয়ে অফিসে খবর দেন। খবর পেয়ে আধা ঘণ্টা পর রেলওয়ের প্রকৌশলী এবং শ্রমিকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা দ্রুত ভাঙা লাইন মেরামতের উদ্যোগ নেন।
ফুলবাড়ী স্টেশনের মাস্টার শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সকাল সাড়ে ছয়টায় তারা লাইন ভেঙে যাওয়ার খবর পান। খবর পাওয়ার পরপরই প্রকৌশলীদের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকার পর লাইন মেরামত সম্পন্ন হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্টেশন মাস্টার আরও জানান যে এনামুল হকের তাৎক্ষণিক এবং সাহসী পদক্ষেপের কারণেই আজ একটি বড় ধরনের রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এ এম/ ২৩ মার্চ ২০২৬









