ঈদের ছুটিতে হামলা ও হত্যাকাণ্ডের জন্য বিএনপিকে দায়ী করে জামায়াতের তীব্র নিন্দা

চুয়াডাঙ্গা, ২৩ মার্চ – ঈদের ছুটিতে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সময়ে সংঘটিত বিভিন্ন হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
সোমবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতির মাধ্যমে এসব ঘটনার প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি দাবি করেন, এসব হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে মূলত বিএনপির নেতাকর্মীরা জড়িত। মিয়া গোলাম পরওয়ার তার বিবৃতিতে উল্লেখ করেন, গত ২১ মার্চ পবিত্র ঈদের দিন এবং ঈদের ছুটিতে দেশের সাধারণ মানুষ যখন আনন্দ ও ইবাদতে ব্যস্ত ছিল, ঠিক তখনই দেশের বিভিন্ন স্থানে বিএনপির সন্ত্রাসীরা হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসব সহিংস ঘটনায় চুয়াডাঙ্গায় দুজন, সিরাজগঞ্জে একজন, বরিশালে একজন এবং পাবনায় একজন নিহত হয়েছেন। এছাড়া এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও লুটতরাজের কারণে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে তিনি জানান। তিনি এসব খুন ও হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। জামায়াতের এই নেতা আরও বলেন, বিএনপির এই ধারাবাহিক সহিংসতা, হত্যা ও সন্ত্রাসী তৎপরতা দেশের গণতন্ত্র, রাজনৈতিক শিষ্টাচার এবং রাষ্ট্রের সার্বিক স্থিতিশীলতার জন্য এক মারাত্মক হুমকি স্বরূপ। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি সরকারের প্রতি কঠোর আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি না ঘটে। তিনি আরও উল্লেখ করেন, পবিত্র ঈদের দিনে সাধারণ মানুষের ওপর জুলুম ও অত্যাচারের যে নতুন ধারা বিএনপি তৈরি করেছে, তা অতীতের স্বৈরাচারী দুঃসময়ের কথাই মনে করিয়ে দেয়।
সরকার যদি দ্রুত এসব সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়, তবে দেশের সাধারণ জনগণ রাজপথে নেমে এর কঠোর জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ২৩ জন মানুষকে হত্যা করা হয়েছে এবং এর মধ্যে জামায়াতের তিনজন নেতাকর্মীও রয়েছেন।
এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ এম/ ২৩ মার্চ ২০২৬









