ইসরায়েলি বাহিনীর ওপর এক দিনে হিজবুল্লাহর ৬৩ হামলার দাবি

বৈরুত, ২৩ মার্চ – লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একদিনে ইসরায়েলি বাহিনীর ওপর ৬৩টি হামলা চালানোর দাবি করেছে। রবিবার এই হামলাগুলো চালানো হয় বলে গোষ্ঠীটির নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে সোমবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয় ইসরায়েলের অভ্যন্তরে এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ড্রোন এবং কামানের গোলাবর্ষণ করা হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় সোমবারের চিত্র কিছুটা ভিন্ন ছিল কারণ ওই দিন নতুন কোনো হামলার ঘোষণা দেয়নি হিজবুল্লাহ।
এদিকে হিজবুল্লাহর ক্রমাগত হুমকির কথা উল্লেখ করে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত এক হাজার ২৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন দুই হাজার ৭৮৬ জন। সংঘাতের ভয়াবহতায় ইতোমধ্যে দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এই পাল্টাপাল্টি হামলা এবং বিপুল প্রাণহানি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে চরম সংকটের দিকে ঠেলে দিয়েছে।
এস এম/ ২৩ মার্চ ২০২৬







