আবুধাবিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত, ধ্বংসাবশেষ পড়ে ভারতীয় নাগরিক আহত

রিয়াদ, ২৩ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিকে লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে আকাশে ধ্বংস হওয়া ওই ক্ষেপণাস্ত্রের কিছু খণ্ডিতাংশ নিচে পড়লে এক ভারতীয় নাগরিক সামান্য আঘাত পান। আবুধাবি মিডিয়া অফিস আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা একটি পোস্টে মিডিয়া অফিস জানায় যে আবুধাবির আল শাওয়ামেখ এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সংঘটিত হয়েছে। আমিরাতের অত্যাধুনিক প্রতিরক্ষাব্যবস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে আকাশেই মূল ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়। কিন্তু এর ধ্বংসাবশেষ মাটিতে পতিত হওয়ার সময় ওই ব্যক্তি আহত হন। বর্তমানে ওই এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এস এম/ ২৩ মার্চ ২০২৬









