হরমুজ প্রণালিতে ইরানের সামরিক ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে: যুক্তরাষ্ট্র

তেহরান, ২৩ মার্চ – মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। এনবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কড়া বার্তা প্রদান করেন। এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্কট বেসেন্ট জানান, হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার লক্ষ্যে সামরিক সক্ষমতা ব্যবহার করে একটি অভিযান শুরু করা হয়েছে। এই অভিযান ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না এসব স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া যুদ্ধের বিষয়ে সংবাদমাধ্যমের খবরের সমালোচনা করেন এই মার্কিন কর্মকর্তা।
তার মতে, মার্কিন প্রশাসন বাস্তবে কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে আমেরিকার জনগণের কাছে সঠিক চিত্র তুলে ধরা হচ্ছে না। এর আগে একই অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক দলের সিনেটর ক্রিস মারফি অভিযোগ করেছিলেন যে, ট্রাম্প প্রশাসন যুদ্ধের ওপর তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং তারা বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্রিস মারফির এমন মন্তব্যের কড়া জবাব দিয়ে স্কট বেসেন্ট বলেন, এই ধরনের দাবি সম্পূর্ণ ভুল, কারণ মার্কিন বাহিনী এরই মধ্যে ইরানের সক্ষমতা ধ্বংস করে দিয়েছে।
এস এম/ ২৩ মার্চ ২০২৬









