জাতীয়

জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা

ঢাকা, ২৩ মার্চ – জ্বালানি ঘাটতি ও চরম নিরাপত্তাহীনতার কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই উদ্বেগের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কোম্পানিগুলো থেকে পাওয়া দৈনিক জ্বালানি দিয়ে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে তেল নিতে এসে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে টানা ডিউটি করতে গিয়ে পাম্পের কর্মীরাও চরম শারীরিক ও মানসিক চাপের মুখে পড়ছেন। এর পাশাপাশি পাম্পগুলোতে তেল বিক্রির সময় কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিশৃঙ্খলা চরম আকার ধারণ করছে।

সংগঠনটির অভিযোগ, প্রশাসনের নির্দেশনা মেনে তেল বিক্রি করা হলেও অনেকেই দিনে একাধিকবার তেল কিনে বাইরে বেশি দামে বিক্রি করছেন। আবার কেউ কেউ আংশিক ভর্তি ট্যাংক নিয়ে বারবার লাইনে দাঁড়াচ্ছেন। এতে প্রকৃত গ্রাহকরা যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনি পাম্প এলাকায় বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। গভীর রাতে সংঘবদ্ধ চক্র জোরপূর্বক পাম্প খুলিয়ে তেল নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে লাঠিসোঁটা নিয়ে হামলার একটি ঘটনার কথা উল্লেখ করে বলা হয়, বর্তমানে পেট্রোল পাম্প মালিকদের ন্যূনতম নিরাপত্তা নেই। ঈদের আগের রাতে অনেক পাম্পে অ্যাম্বুলেন্সের জন্য জরুরি ভিত্তিতে রাখা অকটেনও জোর করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ডিপো থেকে তেল পরিবহনের সময় ট্যাংকারগুলো পথে লুট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

এই অবস্থায় পাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করা না হলে ডিপো থেকে তেল সংগ্রহ বন্ধ করে দেওয়া ছাড়া মালিকদের আর কোনো উপায় থাকবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এনএন/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language