বিশ্বে তেলের দাম বাড়লেও দেশে অপরিবর্তিত রয়েছে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম, ২২ মার্চ – অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বাংলাদেশে তা অপরিবর্তিত রাখা হয়েছে। রবিবার সকালে চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপ আরও বাড়বে। স্বাভাবিকভাবেই এই চাপের প্রভাব বাংলাদেশেও পড়বে এবং চূড়ান্তভাবে তা সাধারণ মানুষের ওপর এসে বর্তাবে।
এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের মানুষকে আরও সংযমী হওয়ার আহ্বান জানান তিনি। তিনি উল্লেখ করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি সার্বিকভাবে নিম্নগামী ছিল। এমন একটি ভঙ্গুর অর্থনীতির দায়িত্ব নেওয়ার পর এই যুদ্ধ পরিস্থিতি একটি বড় ধরনের চাপ তৈরি করেছে। সরকারের সঠিক ব্যবস্থাপনার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির মধ্যেও তেলের দাম বাড়ানো হয়নি।
এমনকি সদ্য সমাপ্ত ঈদের সময়ও দেশে জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক ছিল। এর ফলে পরিবহন ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি এবং যানবাহন চলাচল সচল ছিল। সব মিলিয়ে কার্যকর ব্যবস্থাপনার কারণে দেশের জনগণের ওপর এখনো খুব বড় আকারের চাপ সৃষ্টি হয়নি বলে তিনি মনে করেন। তবে বর্তমান সময়টিকে অত্যন্ত কঠিন আখ্যা দিয়ে অর্থমন্ত্রী সতর্ক করেন যে, যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনে এই অর্থনৈতিক চাপ আরও তীব্র হতে পারে।
এস এম/ ২২ মার্চ ২০২৬









